ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি

Link Copied!

‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ প্রতিপাদ্যকে ধারণ করে এবার উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩৩। আগের বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

রবিবার (২৯ মার্চ) দুপুরে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। নববর্ষের কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা নববর্ষ উদযাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার জন্য সভা থেকে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়, ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানও নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

এতে আরো সিদ্ধান্ত হয়, ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি, জেলা ও উপজেলা প্রশাসন যথাযথ অনুষ্ঠান আয়োজন করবে। এ কাজে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করা হবে।

আরো পড়ুন

কর না বাড়িয়ে আওতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার : তিতুমীর

সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সভাপতি হেলাল খান ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সভা সঞ্চালনা করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।