বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম। শোকবার্তায় চীফ হুইপ বলেন, দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করছি। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শনিবার বাংলাদেশ সময় বেলা ১১:২৯ ঘটিকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতার নাম করিমুন্নেছা খাতুন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার প্রথম নামাযের জানাযা আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাজে জানাযা একই দিনে ঢাকা ক্যান্টনমেন্টে ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এরপর মরহমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

