আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পুনরুদ্ধার করা সম্ভব হলো আইএস অধীকৃত ইরাকের গুরুত্বপূর্ণ শহর তিকরিত। মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর মধ্যে দিয়ে ইসলামিক স্টেটের ওপর ইরাকী সেনাবাহিনী এবং যৌথবাহিনীর বিজয় সূচিত হলো।
মূলত তিকরিতের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল দখল করেছে ইরাকী ও যৌথবাহিনীর সেনারা। তবে আইএসদের বড় অংশের বিতাড়ন সম্ভব হয়েছে। আর এটিকেই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন দেশটির প্রশানমন্ত্রী। আশা করছেন তিকরিত পুরোপুরি আইএসমুক্ত হওয়া স্বল্প সময়ের ব্যাপার।
‘তিকরিত স্বাধীন’
ইতোমধ্যে তিনি ‘তিকরিত স্বাধীন’ বলে উল্লাস প্রকাশ করেছেন এবং সামরিক বাহিনীকে শুভেচ্ছাবাণী প্রেরণ করেছেন। এবাদির মুখপাত্র রাফিদ জাবুরি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরাকী সেনারা ইতোমধ্যে তিকরিতের কেন্দ্রে পৌঁছে গেছেন। সেখানে ইরাকের পতাকা উড়িয়ে দিয়েছেন। এবং ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন।
তবে সাদ্দামের শহর তিকরিতের অংশবিশেষে এখনও প্রবল প্রতিরোধ গড়ে থিতু হয়ে আছে আইএস যোদ্ধারা। তাদের সঙ্গে জোর সম্মুখযুদ্ধ চলছে। সার্বিক অবস্থান বিচারে পলায়নপর আইএসবিরোধী ইরাকী ও যৌথ বাহিনীর অবস্থানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

