আন্তর্জাতিক ডেস্ক: মনমোহন সিংএর আদালতে হাজিরার নির্দেশনামা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। মনমোহনের আইনজীবী কপিল সিবালের আপীলের প্রেক্ষিতে বুধবার এ স্থগিতাদেশ জারি করা হয়।
তালবিরা-২ কয়লাখনি নিয়ে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, সাবেক কয়লামন্ত্রী পিসি প্রকাশসহ আরও তিনজনকে আদালতে তলব করা হয়েছিল। আগামী ৭ এপ্রিলের মধ্যে তাদের হাজিরা দেয়ার কথা ছিল।
কপিল সিবালের যুক্তি
মনমোহনের আইনজীবী কপিল সিবাল ইতোপূর্বে আদালতের নির্দেশের বিপরীতে যুক্তি উপস্থাপন করেন- অপ্রতুল প্রমাণের সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়াটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত এবং নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
সিবাল বলেন, ট্রায়াল জজের ভাষ্যমতে মনমোহন কয়লাখনির স্ক্রিনিং কমিটির নীতিমালা ভঙ্গ করেছেন। সে কারণে তিনি অপরাধী। কিন্তু আদালত তারও পূর্বে স্ক্রিনিং কমিটির ব্যবস্থাপনা সন্দেহমুক্ত না হওয়ায় সকল কয়লাখনিতে অর্থায়ন স্থগিত রেখেছিল।
আর এটা হয়ে থাকলে মনমোহন সিং যদি পূর্বেই অভিযুক্ত স্ক্রিনিং কমিটির নীতিমালা না মেনে থাকেন, তাহলে তিনি সঠিক কাজই করেছেন।
আদালতের নতুন নির্দেশ
স্থগিতাদেশ আসার পর ঐ মামলার নিরীখে গঠিত বেঞ্চের বিচারপতি ভি গোপালা গোওদা এবং সি নাগাপ্পন আগামী চার সপ্তাহের মধ্যে আপীলের বিপরীতে লিখিত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দিয়েছে ভারতীয় তদন্ত সংস্থা সিবিআই এবং ইউনিয়ন গভর্নমেন্টকে।

