নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালে দেয়া শাস্তির বিষয়ে দৈনিক প্রথম আলোতে বিবৃতি দেয়া ২৩ জন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রুল জারি করেন।
রুলের বিষয়ে আগামী ২৩ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওইদিন এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়া হবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল।
আদালত অবমাননাকারী ২৩ বিশিষ্ট নাগরিক হলেন- জাফর উল্লাহ চৌধুরী, আনু মোহাম্মদ, শিরিন হক, আলী আহম্মেদ জিয়া উদ্দিন, সিআর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্ট্রা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ এবং লিছা গাজী।
গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা দিয়ে আদেশ দেন। পরে ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক সংবাদ প্রকাশ করে। এরই আদলে গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।
পরে প্রথম আলোয় প্রকাশিত ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংক্রান্ত সংবাদ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।
একই সঙ্গে সকল বিশিষ্ট নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে গত ২৮ ডিসেম্বর প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
এছাড়া আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় দুইজনকে ক্ষমা প্রদান করেছেন ট্রাইব্যুনাল। পরে আরো দুই মেয়াদে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় শাহদীন মালিক, আসিফ নজরুলসহ ২৪ জনকে নিঃশর্ত ক্ষমা প্রদান করেন ট্রাইব্যুনাল। পরে আরো দুজনকে ক্ষমা করে ট্রাইব্যুনাল অবশিষ্ট ২৩ নাগরিকের বিরুদ্ধে রুল জারি করেন।

