ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আরও পড়ুন

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় পৌঁছান তিনি। সেখানে তিনি চলমান বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মেঘনার ভাঙন থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই বাঁধের কাজ যাতে দৃশ্যমান হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে লক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কাজের গুণমান বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকারও পরামর্শ দেন।

এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বাঁধ নির্মাণের কাজ দ্রুত ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করা হবে। দীর্ঘদিনের এ জনদাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রী দিনব্যাপী রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা ও বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করবেন। মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনে নদীপাড়ের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।