এই মুহূর্তে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব দেশে কিছুটা পড়বে। তবে এই যুদ্ধ যদি দীর্ঘ না হয়, তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো সম্ভবনা নেই।’
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭টি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
আরও পড়ুন
সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে নৌপথে পরিবহনের খরচ বাড়বে। তখন একটা প্রভাব দেশে পড়বে। তবে এটি দুই-চার দিন, পাঁচ দিন বা ১৫ দিনের মধ্যে এইরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নেই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার এই মুহূর্তে কোনো শঙ্কা নেই।’
সরকার গঠনের ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু হয়েছে জানিয়ে মন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

