আন্তর্জাতিক ডেস্ক: এএপির কার্যকরী পরিষদ থেকে বহিষ্কৃত হওয়ার পর যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ এখন নতুন রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন কিনা, তা নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলছে কানাঘুষা। জানা গেছে আসছে ১৪ এপ্রিল দিল্লির কন্সটিউশন ক্লাবে সমর্থকদের নিয়েএক বৈঠকে বসতে যাচ্ছেন দু’জন।
যাদব গং-এর বক্তব্য
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রশ্নের জবাবে যোগেন্দ্র যাদব বলেন, ‘এএপি কারও একার দল হতে পারে না।’ কেন তিনি এমনটা মনে করছেন- এ প্রশ্নের জবাবে যাদবের ভাষ্য, অরবিন্দ সম্প্রতি কারও মতামতের তোয়াক্কা করছেন না। সম্পূর্ণভাবে নিজের মতামতের ভিত্তিতে দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন। এটা মানা যায় না। যোগেন্দ্র এবং প্রশান্ত কার্যকরী পরিষদ এবং শৃঙ্খলারক্ষা কমিটি থেকে অপসারিত হওয়ার পর প্রহসনের ভোটাভুটির কথা উল্লেখ করেন। তারা বলেন, লোকদেখানো ভোটাভুটির আড়ালে সবটাই ছিল পূর্বনির্ধারিত।
সম্ভাবনা
যোগেন্দ্র ও প্রশান্ত আম আদমি পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দলকে দাঁড় করানোর মতো পর্যাপ্ত বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন অতীতে। তাদের সমর্থকদের মনে তাই নতুন আশার সঞ্চার হয়েছে। হয়ত, নতুন রাজনৈতিক দল গঠিত হবে, মিলবে নতুন পদ।
আসছেন মেধা পাটকার
আসছে বৈঠকে মেধা পাটকারকেও আহ্বান জানানো হবে। মেধা পাটকার সুপরিচিত সমাজকর্মী, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা এবং সম্প্রতি এএপিত্যাগী গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। নতুন দল তৈরির পরিকল্পনার সম্ভাবনা তাই আরও দৃঢ় হয়েছে। দেখার বিষয়- অরবিন্দ কেজরিওয়ালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছিন্ন করে পৃথক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিনা এএপি’র দ্বিতীয় কোনো সংস্করণ।

