আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ঘটনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিসহ ২০ জনের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। নোটিশের জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় বেধে দিয়েছে আদালত।
এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাজি মেহবুবের দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার এ নোটিশ জারি করেছে আদালত। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ে বিজিপি’র ২০ নেতাকে বেকসুর খালাস দেয়া হয়েছিল।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় বিজেপি দলের যে ২০ জনের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, আদভানি, মুরলী মনোহর জোশী, উমাভারতী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, গিরিরাজ কিশোরসহ আরো অনেকে।
মঙ্গলবার আদালতের শুনানিতে বলা হয়, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার চক্রান্তের সঙ্গে আদভানিসহ বিজেপির ওই ১৯ নেতা জড়িত ছিলেন।
হাজি মেহবুব তাঁর দাখিল করা পিটিশনে বলেন, এই মামলার অন্যতম অভিযুক্তস্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে রয়েছেসেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সংক্ষেপে সিবিআই। ফলে তিনি মামলাকে প্রভাবিত করতে পারেন। আরো ধারণা করা হচ্ছে, বিজেপি ক্ষমতায় থাকার রয়েছে ফলে তারা এই মামলা নিয়ে গড়িমসিকরতে পারে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। ওই দাঙ্গায় তাঁর বাড়ি পুড়ে গিয়েছিল বলে আদালতে দাবি করেছেন মেহবুব। সেদিনের ঘটনার অপরাধীদের কঠিন শাস্তি দিতেই এই মামলায় পিটিশন দাখিল করেছেনবলে জানিয়েছেন তিনি।

