নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজধানীর শ্যামবাজার পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার (৭ মার্চ) বাজার পরিদর্শনের সময় ইশরাক হোসেনের সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ হাসানুজ্জামান।
প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার ঢাকার অন্যতম বড় পাইকারি মসলার আড়ত। এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে সবজি, মসলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে পণ্যের সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না এবং কেউ অবৈধভাবে মজুত করে অতিমুনাফার চেষ্টা করছে কি না—এসব বিষয় মনিটরিং করতেই পরিদর্শন করা হয়েছে।
ইশরাক হোসেন আরও জানান, বাজারে বিভিন্ন দোকানে গিয়ে মসলার মজুত ও দাম যাচাই করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।
জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এগিয়ে এসে সমস্যার কথা তুলে ধরলে তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাসের সঙ্গে বৈঠক করে কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, দুই-এক দিনের মধ্যে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ দিনে কী কী কাজ করা হয়েছে এবং কোন সমস্যাগুলো উঠে এসেছে—সব বিস্তারিত তুলে ধরা হবে।

