দেশের ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নে সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।শ্রমিকদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এই তালিকা প্রণয়ন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
ঢাকায় শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। শ্রমমন্ত্রী বলেন, শ্রম কল্যাণ কেন্দ্রগুলোতে কোন শ্রমিক কী ধরনের সেবা পাচ্ছেন তার নির্ভুল তথ্য সংরক্ষণ না থাকায় অনেক ক্ষেত্রে সেবার কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব হয় না।
তাই প্রতিটি কেন্দ্রভিত্তিক সুবিধাভোগী শ্রমিকদের নাম, পেশা, কর্মস্থল, যোগাযোগের তথ্য এবং প্রাপ্ত সেবার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ডাটাবেইস তৈরির উদ্যোগ নিতে হবে।
আরো পড়ুন
পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে কৃষক কার্ড : কৃষিমন্ত্রী
তিনি জানান, এই তালিকা প্রস্তুত হলে শ্রমিকদের জন্য গৃহীত কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সহজ হবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান এবং কোনো ধরনের অনিয়ম বা হয়রানি না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা সম্ভব হবে।
মন্ত্রী শ্রম অধিদপ্তরের আইটি সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে শ্রমিকসেবা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

