সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মসজিদের পুকুর থেকে একটি তাজা মর্টারসেল উদ্ধার করছে পুলিশ। পুকুরের মাটি খননের সময় সোমবার দুপুরে মর্টারসেলটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মর্টারসেলটি মুক্তিযুদ্ধের সময়কার। বর্তমানে এটি জৈন্তাপুর পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বরইকান্দি গ্রামের জামে মসজিদের পুকুর পুনঃখননের কাজ চলছিল। হঠাৎ করে শ্রমিকরা মাটির নিচে মর্টারসেলটির সন্ধান পায়। পরে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাকের নেতৃত্বে একদল পুলিশ বরইকান্দি গ্রামে এসে মর্টারসেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মর্টারসেল উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২১২) করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওসি গোলক চন্দ্র বসাক বলেন, ‘মর্টারসেলটির ওজন প্রায় ৫ কেজি। পুকুর থেকে উদ্ধার করে এটি থানায় নিয়ে আসা হয়েছে। মর্টারসেলটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা বিশেষজ্ঞদের অবগত করা হয়েছে।’

