ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো, ইনশাআল্লাহ্।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। পরে বিএনপি সরকারের মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ সন্তান।
২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৭ মার্চ মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। ওইদিনই নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে। এরপর তাকে মেয়র ঘোষণা করে ওই বছরের ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে সময় দাবি করে, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ায় তাকে শপথ পড়ানো সম্ভব নয়। ফলে আদালতের ঘোষণার পরও তিনি দায়িত্ব নিতে পারেননি।
যদিও মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গত বছরের ১৭ জুন মতবিনিময় সভা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ওই সভার ব্যানারে লেখা ছিল ‘পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’