ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগির আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ঈদুল ফিতরের আগেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।
সংরক্ষিত নারী ৫০ আসনে ভোট কবে- এমন প্রশ্নে আব্দুর রহমানেল মাছউদ বলেন, খুব বেশি সময় নেবো না। ঈদের আগেই তফসিল করে ফেলবো।
কোন দল কতটি নারী আসন পেতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, সংরক্ষিণ নারী আসন ৫০টি। ফলে একটি সংরক্ষিণ নারী আসন পেতে সংসদে কমপক্ষে ছয়টি আসন পেতে হবে। আবার দলগুলো জোটবদ্ধ হয়েও নারী আসন পেতে পারে। চাইলে স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করে সংরক্ষিত নারী আসন পেতে পারেন।
কয়েকজন প্রার্থী ভোটের ফলাফল এখনো মেনে নেননি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি মাছউদ, গেজেট হওয়ার পরে আমাদের কিছু করার থাকে না। প্রার্থী চাইলে আদালতে যেতে পারেন।

