নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ওয়ালটন। বিশ্বের ৫০টি দেশের মধ্যে বাজারে পণ্যের আধিপত্য বিবেচনায় এ পুরস্কার দেয়া হলো।
‘এশিয়ান কনফেডারেশন অব বিজনেস’ ওয়ালটনকে আন্তর্জাতিক মার্কেট লিডারের এ স্বীকৃতি দেয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিজাত প্রিন্স হোটেল অ্যান্ড রেসিডেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
‘দি গোল্ডেন গ্লোব টাইগার্স সামিট অ্যাওয়ার্ড ২০১৫’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য, জাপান, কোরিয়াসহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধি, কর্পোরেট হেড ও ব্র্যান্ড বিশেষজ্ঞরা অংশ নেন। মোট ১৩টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের কর্পোরেট ও সেবামূলক প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালটন সিমেন্স, নেস্লে, নকিয়া মালেশিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্যামসাং ইন্ডিয়া, ডিএইচএল এক্সপ্রেস উল্লেখযোগ্য।
ওয়ালটনকে এ পুরস্কার দেয়া হয় ‘এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ ইন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের উপর।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র উপ-পরিচালক ফিরোজ আলম।
তাদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড সিএসআর ডে এবং ওয়ার্ল্ড সাসটেইনিবিলিটি কংগ্রেস ও ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের প্রতিষ্ঠাতা ড. আরএল ভাটিয়া।
ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘এ পুরস্কারের প্রকৃত দাবিদার ওয়ালটনের সম্মানীত ক্রেতারা। তাদের আকুণ্ঠ সমর্থনই এ অর্জনের চাবিকাঠি। এ পুরস্কার আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল। এখন আমাদের লক্ষ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক প্রযুক্তির টেকসই উচ্চমানের পণ্য তৈরি। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের আরো প্রসার ঘটানো।’
পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের সিনিয়র উপ-পরিচালক ফিরোজ আলম বলেন, ‘এ সামিটে যোগ দিয়ে আমরা আমাদের ব্র্যান্ড এবং পণ্যের গুণগত মানের আন্তর্জাতিক সক্ষমতা মূল্যায়ন করতে পেরেছি। অন্যদিকে মূল্যায়ন পেয়েছি। মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড প্রধানত ভোক্তাদের আস্থারই প্রতিদান। আর তাই এ অ্যাওয়ার্ড প্রধানত সারা বিশ্বে ছড়িয়ে থাকা ওয়ালটনের অগণিত ভোক্তাদের অবদান।’
ওয়ালটন বাংলাদেশে প্রধানত ফ্রিজ, টিভি, এসি ও মোটরসাইকেল প্রস্তুত করছে। এছাড়া মোবাইল ফোন সেট, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, ইলেকটনিক্স অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে। দেশের বাজারে এসব পণ্যের ব্যাপক প্রসারের পাশাপাশি রপ্তানিও হচ্ছে। উচ্চ প্রযুক্তিতে আইএসও স্ট্যান্ডার্ড কারখানায় পণ্য উৎপাদন হচ্ছে। সেইসঙ্গে আইএসও সনদ প্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেয়া হচ্ছে উন্নত বিক্রয়োত্তর সেবা।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে ওয়ালটন। গত ৩১ জুলাই সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস সেরা ব্র্যান্ডের পুরস্কার দেয় ওয়ালটনকে। ক্রেতা বা ভোক্তাদের আস্থা অর্জনের ক্ষেত্রে বিশ্ব সেরা ব্র্যান্ডের ওই স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন।

