বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান।
তিনি লেখেন, বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। পাশাপাশি বিপুল জয়ের জন্য তারেক রহমান, তার দল ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, সেটিই তাদের কামনা।

