আন্তর্জাতিক ডেস্ক : শনিবারই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন, ছুটি কাটিয়ে শিগগিরই ফিরছেন ভারপ্রাপ্ত সহ-সভাপতি রাহুল গান্ধী। আর ফিরেই দলের শীর্ষ পদের দায়িত্ব বুঝে নেয়ার সম্ভাবনা রয়েছে তার।
চলতি মাসের শুরুতে ‘রহস্যময়’ ছুটিতে চলে যান রাহুল। এরপরই দলের শীর্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচনের ব্ষিয়টি নিয়ে আলোচনা শুরু করেন কংগ্রেসের শীর্ষ নেতারা। ধারণা করা হচ্ছে , রাহুল ফেরার পর আগামি মে মাসের কংগ্রেসের কার্যকরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় শীর্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়টি আলোচনা করা হবে। বৈঠকে আগামি সেপ্টেম্বরের মধ্যেই সভাপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করা হবে।
দলের নেতাদের দাবি, আগামি মাসেই ছুটি থেকে ফিরে দলের শীর্ষ পদের দায়িত্ব নেয়ার কথাটি ঘোষণা করবেন রাহুল। তাদের মতে রাহুল এ কাজটি যত শিগগিরই করবেন ততোই মঙ্গল হবে।
রাহুল যদি শীর্ষ পদের দায়িত্ব নেন সেক্ষেত্রে সোনিয়া গান্ধী কী করবেন সেটাও বড় প্রশ্ন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সে ক্ষেত্রে সোনিয়া কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে তিনি সংসদীয় কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন।

