ঢাকাSaturday , 7 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

Link Copied!

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই ব্যালট বাক্স ছিনতাই বা জাল ভোটের সুযোগ দেওয়া হবে না। কেবল যোগ্য ভোটাররাই ব্যালটে সিল দেবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দীন বলেন, একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দুইভাবে হতে পারে বাইরে থেকে কিংবা ভেতর থেকে। বাইরের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, আর ভেতরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রিজাইডিং কর্মকর্তাদের। কেন্দ্রের ভেতরে ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। তাই সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, আগের নির্বাচনের অভিজ্ঞতার তুলনায় এবারের পরিবেশ ভিন্ন। এখন পর্যন্ত নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটেনি, যা রাজনৈতিক দল ও জনগণের সংযমের ফল। এই পরিবেশ কাজে লাগিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।
এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী কাজ করছে। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
সভায় আরও বক্তব্য দেন বিজিবি, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
এদিন নির্বাচনের জন্য ৯১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৮৪৪ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।