ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাবজ্জীবন কারাদণ্ড চীনের সাবেক বিচারমন্ত্রীর

Link Copied!

চীনের সাবেক বিচারমন্ত্রী তাং ইজুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘুষ গ্রহণের দায়ে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড । সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের শিয়ামেন মধ্যবর্তী গণআদালত জানিয়েছে, ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে তাং অবৈধভাবে ১৩৭ মিলিয়ন ইউয়ান (প্রায় ১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার) মূল্যের সম্পদ অর্জন করেছেন। এ সময় তিনি কোম্পানি তালিকাভুক্তকরণ, জমি পুনঃক্রয়, ব্যাংক ঋণ অনুমোদন এবং মামলার নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে সুবিধা আদায় করেন।

রায়ে আদালত উল্লেখ করে, তাং-এর কর্মকাণ্ড স্পষ্টভাবে ঘুষ গ্রহণের অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে এবং এতে রাষ্ট্র ও জনগণের স্বার্থে গুরুতর ক্ষতি হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, তার রাজনৈতিক অধিকার আজীবনের জন্য বাতিল করা হয়েছে এবং তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী ওয়াং শিয়াংসির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে, যা বর্তমান মন্ত্রীর বিরুদ্ধে বিরল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া গত মাসে চীনের শীর্ষ সামরিক কর্মকর্তা ঝ্যাং ইউশিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরুর ঘোষণা দেওয়া হয়।

৬৪ বছর বয়সী তাং ইজুন তার কর্মজীবন শুরু করেন পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে। সেখানে তিন দশকের বেশি সময় কাজ করে তিনি প্রাদেশিক কমিউনিস্ট পার্টির উপপ্রধানের পদে উন্নীত হন। পরে তিনি লিয়াওনিং প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে বিচারমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

২০২৪ সালের এপ্রিলে তাং-এর বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়। একই বছরের শেষ দিকে তাকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। সূত্র: রয়টার্স