ঢাকাTuesday , 27 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংসদ নির্বাচন
বিনা মাশুলে ডাকযোগে ফলাফল পাঠাবেন প্রিসাইডিং অফিসাররা

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগণনার বিবরণী পাঠানো আরও সহজ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অগ্রিম কোনো ডাক মাশুল পরিশোধ ছাড়াই ফলাফলের বিবরণীর কপি সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে পারবেন প্রিসাইডিং অফিসাররা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইসির নির্দেশনায় জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী প্রিসাইডিং অফিসাররা ভোটগণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি ইসি সচিবের কাছে পাঠাবেন। এক্ষেত্রে তাদের কোনো অগ্রিম অর্থ খরচ করতে হবে না। চিঠিপত্রগুলো বিমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড পদ্ধতিতে পাঠানো হবে। এই ডাক মাশুলের ব্যয় পরে ‘বুক অ্যাডজাস্টমেন্ট’-এর মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করবে ইসি।
ইসি জানায়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত (প্রয়োজনে সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত) সংশ্লিষ্ট পোস্ট অফিসগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত প্রিসাইডিং অফিসাররা যেন ভোটগণনা শেষ করেই দ্রুত ফলাফল পোস্ট করতে পারেন, সেজন্যই এ বিশেষ ব্যবস্থা।
চিঠিতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন থেকে পরবর্তী কয়েকদিন পর্যন্ত এই বিশেষ ডাক সেবা অব্যাহত থাকবে। প্রেরিত ফলাফল বিবরণী জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রিসাইডিং অফিসারদের অবশ্যই পোস্ট অফিস থেকে প্রাপ্তিস্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং দ্রুততম সময়ে ফলাফল একত্রীকরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে কমিশন।