ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯৩৭ টন চাল নিয়ে আশুগঞ্জে ভারতীয় জাহাজ

Link Copied!

Mongla portব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় তৃতীয় দফায় ২৫ হাজার টন চাল যাচ্ছে ভারতের ত্রিপুরায়। এই চালের প্রথম চালানের ৯৩৭ টন চাল নিয়ে নিউটেক-৬ নামে একটি কার্গো জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে।
শনিবার দুপুর দেড়টায় কার্গো জাহাজটি নোঙর করে। কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে গত ১৮ মার্চ জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
রোববারের মধ্যে জাহাজ থেকে চাল খালাস করে আশুগঞ্জ নৌবন্দর থেকে কাভার্ডভ্যানযোগে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ জানায়, দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় বিনাশুল্কে বাংলাদেশের ৩শ’ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়ক পথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ৩৫ হাজার টন খাদ্য পণ্য ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি চায় ভারত সরকার। সেই অনুযায়ী গত বছরে দুই দফায় ১০ হাজার টন চাল যায় ত্রিপুরায়। বাকি ২৫ হাজার টন চাল নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেয়া হয়।
গালফ ওরিয়েন্ট সিওয়েজ আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর ব্যবহার করে ত্রিপুরায় এসব খাদ্য পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক। ইতোমধ্যে খাদ্য পণ্য লোড আনলোড করতে আশুগঞ্জ নৌবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডাব্লিওটিএ এবং আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জেড শিপিং লাইন্সের নিউটেক-৬ জাহাজের মাস্টার রিপন শেখ জানান, কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৯৩৭ টন চাল নিয়ে গত ১৮ মার্চ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং গত বুধবার মংলা বন্দর অতিক্রম করে শনিবার দুপুর দেড়টায় আশুগঞ্জ বন্দরে নোঙর করা হয়েছে।
আশুগঞ্জ নৌবন্দরের সহকারী পরিচালক সুব্রত সাহা জানান, ভারতীয় চাল নিয়ে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। রোববার থেকে এসব চাল আনলোড করে দেশীয় কাভার্ডভ্যানে আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে ত্রিপুরা পাঠানোর জন্য বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। এসব পণ্য পরিবহনে ১৯৭২ সালে নৌ প্রটোকল চুক্তি অনুযায়ী শুধু বার্দিং চার্জ নেয়া হবে। এছাড়া বাংলাদেশ অন্য কোনো ট্যাক্স পাবে না।