আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুহাম্মাদু বুহারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।স্বাধীনতার পর এই প্রথম দেশটির কোনও নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের দখলে থাকা অঞ্চল পুর্নদখল নিতে সেনাবাহিনীকে সহায়তার জন্য নির্বাচনের ওই তারিখ পিছিয়ে দেওয়া হয়।
শনিবার স্থানীয় সময় ৭টায় নির্বাচন শুরু হয়। এ নির্বাচনের মাধ্যমে নাইজেরিয়ার ৩৬টি রাজ্য ও রাজধানী আবুজার ভোটাররা প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচন করবেন।
নির্বাচন চলাকালে এবং পরে সহিংসতা প্রতিরোধে প্রেসিডেন্ট পদের দুই প্রধান প্রার্থী একটি চুক্তি সই করেছেন। ২০১১ সালে নির্বাচনের পর দেশটিতে সহিংসতায় প্রায় ৮০০ লোক নিহত হয়েছিল।
পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ১৯৯৯ সাল থেকে নাইজেরিয়ার রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে। তবে অল প্রগ্রেসিভ কংগ্রেসকে (এপিসি) বার প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

