ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সরাসরি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের হুমকি নিয়েই মুখ খুলল ইরান। আমেরিকাকে পাল্টা সতর্ক করে কারা বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে আঘাত হানা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এই হুমকির পর ইরান-আমেরিকার সম্পর্কে যে উত্তেজনা বাড়বে তা আর বলা অপেক্ষা রাখে না।
গতকাল বুধবার শীর্ষ একজন ইরানি কর্তা সংবাদ মাধ্যমে বলেছেন, ‘তেহরান সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।’ পাশাপাশি ওই কর্তা এই তিন দেশকে আমেরিকার হামলা ঠেকানোর চেষ্টার জন্য বার্তাও দিয়েছেন।
অন্যদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে- আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব, এর পরিণতি তাদের জন্য কী হয়।’
মঙ্গলবারের ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন যে ইরানি কর্তৃপক্ষকে হত্যাকান্ডের জন্য ‘বড় মূল্য দিতে হবে’ এবং জনগণকে ‘প্রতিবাদ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন ‘আপনারা বিক্ষোভ চালিয়ে চান, সহায়তা আসছে।’ তিনি আরও লেখেন, ‘বিক্ষোভকারীদের অর্থহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করেছি।’

