আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় রাজনীতিতে শত বছরের পুরোনো সংগঠন কংগ্রেসের জনপ্রিয়তা যে তলানিতে এসে ঠেকেছে তার প্রমান মিলেছে গত বছরের নির্বাচনে। বিধানসভা থেকে লোকসভা সবজায়গাতেই কংগ্রেসের ব্যাপক পরাজয়। সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনেতো কোন আসনই পায়নি কংগ্রেস। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের এখন মরণদশা চলছে। পানি দিয়ে আর একে জিইয়ে রাখা যাবে না। কংগ্রেসের এই ক্ষত নতুন করে খুঁচিয়ে দিলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা হাসরাজ ভারদোয়াজ । বৃহস্পতিবার একটি ভারতীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আর পুর্নজাগরণ হচ্ছে না কংগ্রেসের। তার মতে, নির্বাচনে ভরাডুবির জন্য সোনিয়া গান্ধীকে দায়ী করা যাবে না।
কংগ্রেসের বিষয়ে জনগণ আগ্রহ হারিয়েছে উল্লেখ করে ভারদোয়াজ বলেন, ‘জনগণ আর শুনতে রাজী নয়। কংগ্রেস আর পুর্নজীবন পাবে না। আর এ জন্য কংগ্রেসই দায়ী।’
তবে নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেও একেবারে হতাশ হন গান্ধী পরিবারের এই প্রবীন সহমর্মি। তিনি বলেন, ‘কংগ্রেসের পুর্নজাগরণ ঘটাতে চাইলে দলটিকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে দলের কার্যকরি ভূমিকায় নিয়ে আসতে হবে।’ প্রিয়াঙ্কাকে রাজনীতিতে না নিয়ে আসাও জনগণের অসন্তুষ্টির কারণ বলে মন্তব্য করেন ভারদোয়াজ।
তিনি বলেন, ‘রক্ষণশীলতা ও প্রগতিবাদ একসঙ্গে চলতে পারে না।’

