আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকায় দেশটির দুই কার্টুনিস্টকে জরিমানা করা হয়েছে। আদালত প্রথমে কার্টুনিস্ট বাহাদুর বারুতিকে ১১ মাসের এবং অপর কার্টুনিস্ট ওযায়ের আয়দোগানকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছিল। পরে বুধবার দেয়া রাতে তাদের ২ হাজার ৭শ ডলার জরিমানা করেছে।
ব্যঙ্গ পত্রিকা পেঙ্গুইনে ২০১৪ সালে কার্টুনটি আঁকা হয়েছিল। এতে দেখা যায় সদ্য নির্বাচনে বিজয়ী এরদোগান প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করছেন এবং সেখানে দেয়া অভ্যর্থনাকে ‘শুস্ক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা অন্তত একজন সাংবাদিককে কতল করতে পারতাম।’
পেঙ্গুইন জানায়, দেশটির একজন নাগরিক এই কার্টুনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেন। তার ভাষ্য ছবিতে এরদোগানের সহযোগী দুই আঙ্গুল বাঁকা করে তার কোট ধরে ছিলেন। এই চিহৃকে তুরস্কে সমকামীর চিহৃ বলা হয়। অর্থাৎ কার্টুনে এরদোগানকে সমকামী হিসেবে গালি দেয়া হয়েছে।
এর আগে ২০০৫ সালে এরদোগান পেঙ্গুইনের বিরুদ্ধে আদালতে ব্যঙ্গচিত্র করার অভিযোগ করেছিলেন। বিভিন্ন ‘প্রাণীর’ সঙ্গে তাকে তুলনা করা হয়েছিল বলে অভিযোগ আনেন তিনি। এছাড়া বিভিন্ন সময় তাকে ‘হেয়’ করার অভিযোগে অনেককে আদালতে হাজির হতে হয়েছে।
সাম্প্রতিক সময়ে ৩৭ জন ছাত্র এবং শিক্ষককেও একই অভিযোগে একসঙ্গে আদালতে হাজির হতে হয়।

