নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা।
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘স্বাধীনতা দিবসে বিএনপি অবরোধ দিয়ে স্বাধীনতা দিবসকেই কলঙ্কিত করেছে। আজকের দিনেও অবরোধ দিয়ে বিএনপি প্রমাণ করলো তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।’
তিনি বলেন, ‘পাকিস্তানের এই প্রেতাত্মারা বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ন করতে চায়। তাই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

