কুড়িগ্রাম প্রতিনিধি: স্বাধীনতার ৪৪ বছর পর কুড়িগ্রামে সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধে শহীদ লেফটেনেন্ট আসফাকুস সামাদ বীর উত্তমের কবর সংরক্ষণ ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ।
সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে কবর ও স্মৃতিস্তমম্ভের নির্মাণ কাজ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ৬৬ পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার একেএম সামসুদ্দিন, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ। পরে এ বীর শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধকালীন ২০ নভেম্বর নাগেশ্বরীর রায়গঞ্জ ব্রিজের কাছে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন মুক্তিযুদ্ধে প্রথম কমিশনপ্রাপ্ত অফিসার লে. আসফাকুস সামাদ বীর উত্তম। পরদিন তার সহযোদ্ধরা সমাদসহ আরও তিনজনের লাশ উদ্ধার করে ভুরুঙ্গামারী জয়মনির হাট মসজিদ সংলগ্ন এলাকায় দাফন করেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এলাকাবাসী ওই এলাকার নাম রাখেন সামাদ নগর। এছাড়াও তার নামে প্রতিষ্ঠিত হয় বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান।

