আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সীমান্তবর্তী দামাসাক শহর থেকে ৫শ’র মত শিশু হারিয়ে গেছে। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর এই খবর পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।
দামাসাক শহরের স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, পালিয়ে যাওয়ার সময় বোকো হারাম সদস্যরা ওই শিশুদের তাদের সাথে করে নিয়ে গেছে। অপহৃত এসব শিশুদের বয়স সব্বোর্চ্চ ১১ বছর।
এ খবরের সত্যতা স্বীকার করে নাইজেরিয়ার বর্নো প্রদেশের এক সিনেট সদস্য বলেছেন, দামাসাক থেকে শত শত শিশু হারিয়ে গেছে। এসব শিশুদের জঙ্গিরা তুলে নিয়ে গেছে দাবি করে তিনি বলেন,‘ওরা এসব ছোট ছোট শিশুদের মাদ্রাসায় দিয়েছে। তারা তাদের ওই ভয়াবহ সন্ত্রাসী তৎপরতার সঙ্গে এসব শিশুদের জড়িত করার জন্যই তাদেরকে অপহরণ করেছে।’
এ সম্পর্কে দামাসাকের ব্যবসায়ী মালাম আলী বিবিসিকে জানিয়েছেন, বোকো হারাম শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫শ শিশুকে সঙ্গে করে নিয়ে গেছে। নিখোঁজ ওই শিশুদের মধ্যে তার নিজের ছোট ভাইও রয়েছে।
এর আগে গত সপ্তাহে নাইজেরিয়ার দামাসাক শহরটিতে একটি গণকবর খুঁজে পাওয়া গিয়েছিল। শহরের এক সেতুর নিচ থেকে উদ্ধারকৃত ওই কবরটিতে ৭০টির বেশি মৃতদেহ ছিল। ধারণা করা হয়ে থাকে, বোকো হারামের হাতে তারা নিহত হয়েছিলেন এবং এরা সবাই নাইজেরিয়ার সাধারণ নাগরিক।
নাইজেরিয়ায় এর আগেও বহু লোক হারিয়ে গেছে। তবে দেশটিতে জঙ্গি বাহিনী এবং সরকারি সেনাদের অব্যাহত সংঘর্ষে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছেন, তার সঠিক সংখ্যা বের করা কঠিন বলে বিবিসি উল্লেখ করেছে।
গতবছরের এপ্রিলেই বর্নো রাজ্যের চিবুক শহর থেকে দুইশ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল এই জঙ্গি সংগঠনটি। পরে এদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এসব শিশুদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে বলে বোকো হারাম নেতা আবুবকর শেকাউ জানিয়েছিলেন।
বোকো হারামের হাতে কয়েক মাস দখলের পর, এ মাসের শুরুর দিকে নাইজার আর চাদের সৈন্যরা নাইজেরিয়ার সীমান্তবর্তী দামাসাক শহরটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশী দেশগুলো নাইজেরিয়ার সরকারকে সহায়তা করছে।

