কুমিল্লা প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ সংগীতের ভুবনে এক অসাধারণ ব্যক্তিত্ব। তার স্মৃতি বিজড়িত কুমিল্লার বাড়িটি একটি আদর্শ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’
মঙ্গলবার দুপুরে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মৃতি বিজড়িত কুমিল্লার বাড়িটি পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে জেলা কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দ প্রাপ্তির বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘ভবনটি সংস্কার মানেই সিমেন্ট, বালি ও রং দেয়া নয়। এটাকে পূর্বের চেহারায় ফিরিয়ে নেয়া হবে।’
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মঞ্জুরুর রহমান, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে ১০ দিনব্যাপি বইমেলার উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় আসেন আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সরকারি হাঁস-মুরগির খামার হিসেবে পরিচিত ছিল সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মৃতিবিজড়িত কুমিল্লার বাড়িটি। বাড়ির যে কক্ষে বসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানের তালিম নিয়েছিলেন সে ভবনটি আজ জরাজীর্ণ।
এ বিষয়ে গেল বছরের ০২ আগস্ট ‘সঙ্গীতজ্ঞ শচীন দেবকে স্মরণ’ শিরোনামে বাংলামেইল ও মাছরাঙা টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়।
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘আমি কুমিল্লায় যোগদানের পরপরই বাংলামেইল ও মাছরাঙা টেলিভিশনে সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশের পর কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে আমি এ ঐতিহাসিক বাড়িটি পরিদর্শন করি এবং এর চারপাশে লাল নিশান উড়িয়ে একে দখলমুক্ত করি। সেইসঙ্গে বাড়িটিতে একটি পূর্ণাঙ্গ কালচারাল কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাই। অবশেষে এ উদ্যোগ হাতে নেন সরকার।’

