দিনাজপুর প্রতিনিধি: ১ টাকার কয়েন আছে ঠিকই, কিন্তু তা লুকিয়ে রেখে সঙ্কট তৈরি করে ক্রেতাদের ধরিয়ে দেয়া হচ্ছে চকলেট। এতে ক্রেতাদের ইচ্ছার বিরুদ্ধেই বাড়তি সুবিধা নিচ্ছে ফুটপাথ থেকে শুরু করে মুদি ব্যবসায়ীরা। দোকান ভেদে দিনে প্রতি ব্যবসায়ী অনেকটা বাধ্যতামূলকভাবেই কয়েকশ চকলেট ক্রেতাদের হাতে ধরিয়ে দিচ্ছেন ‘কয়েন নেই’ এর অজুহাতে। এতে তাদের বাড়তি লাভও হচ্ছে।
এমন আবস্থাই দেখা গেছে দিনাজপুর শহরে। যেখানে ফুটপাতের দোকান, খাবার হোটেল, মনোহারি দোকানসহ বিভিন্ন স্তরের দোকানে ক্রেতাদের ক্রয় সামগ্রি নেয়ার পর যখন এক টাকা ফেরত দিতে হয় তখন ক্রেতাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে এক টাকা দামের বিভিন্ন কোম্পানির চকলেট।
এদিকে এ চকলেট ধরিয়ে দেয়া অনেকটা তাদের নিয়মিত বাণিজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তারা বলছেন, ১ টাকার কয়েন থাকলেও তাদের ধরিয়ে দেয়া হচ্ছে চকলেট। এটি এখন অনেকটাই নিয়মে পরিণত হতে চলেছে।
একাধিক ক্রেতা জানান, ১ টাকার পরিবর্তে চকলেট বিক্রির উদ্দেশ্যে ফুটপাথের ছোট দোকান থেকে শুরু করে খাবারের হোটেল পর্যন্ত আগে থেকেই রাখা হয় বিভিন্ন কোম্পানির চকলেট। এসব ব্যবসায়ী ১ টাকার কয়েন হাতে পেলেই তা আলাদাভাবে লুকিয়ে রাখে। আর ক্রেতাকে ১ টাকা নেই বলে একটি চকলেট ধরিয়ে দেয়।
শহরের মো. এরশাদ হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘আমি বাজারে ঘুরে বিভিন্ন দোকান থেকে ১ টাকার পরিবর্তে চকলেট পেতে পেতে ৬টি চকলেট পেয়েছি। অথচ এমনটি না হলে এই ৬ টাকা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতাম।’
অপর ক্রেতা রবিউল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১ টাকার পরিবর্তে আমাদের হাতে চকলেট ধরিয়ে দেয় দোকানীরা কিন্তু আমরা যখন কোনো কিছু কিনি তখনতো দোকানদাররা টাকার পরিবর্তে চকলেট নেয় না।’
তবে ব্যবসায়ীরা ক্রেতাদের এমন অভিযোগের ব্যাপারে বলেন, তারা ১ টাকার কয়েন বা টাকা না থাকাতেই কেবল চকলেট দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, টাকার পরিবর্তে চকলেট দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় অনেক ক্রেতা-বিক্রেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা গেছে।

