আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ মিয়ানমারে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিমা পর্যবেক্ষক দল থাকবেন বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের কার্যালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী সু থেইন এ তথ্য জানিয়েছেন। প্রায় ৬৫ বছর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিমাদের আমন্ত্রন জানাতে যাচ্ছে মিয়ানমার।
সু থেইন বলেন, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন স্বাধীনভাবে পর্যবেক্ষণে আমরা মার্কিন কার্টার ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়নকে সুযোগ দিব।
তিনি বলেন, এটাই হবে প্রথম জাতীয় নির্বাচন যা বহু বছরের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের আওতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রায় আধা শতাব্দি সামরিক শাসনের পর ২০১০ সালের জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের মিয়ানমারে প্রবেশের অনুমতি দেয়নি তৎকালীন সরকার। তবে ২০১২ সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তাতে কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যবেক্ষকদের প্রবেশে অনুমতি দেয়া হয়েছিল। ওই নির্বাচনেই বিরোধী দলীয় নেত্রী অং সান সুকি সংসদ সদস্য নির্বাচিত হন।

