ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের জমি বাজেয়াপ্ত

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক: ভূমি অফিসগুলোতে যারা আগুন দিয়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়িয়ে ফেলার সঙ্গে জড়িত তাদের জমি ও সম্পদ বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘আমি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে ভূমি অফিসগুলোতে অগ্নিসংযোগকারী অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। এখন ওই সব অপরাধীর জমি ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিচ্ছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ওইসব অপরাধীর তাদের বাপ-দাদার সম্পত্তিতেও কোনো অধিকার থাকবে না। তারা তাদের নিজ এলাকায়ও থাকতে পারবে না। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেব।’
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, হরতাল-অবরোধে গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভূমি অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। জামালপুর, ময়মনসিংহ, ফেনী, নাটোর, সিরাজগঞ্জ, নড়াইল, ঝালকাঠিসহ কয়েকটি জেলায় এ ঘটনা ঘটেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘অফিসগুলো পুড়িয়ে ফেলার রহস্য কী এবং দলিলপত্র ধ্বংসের পেছনে কী রহস্য রয়েছে? জনগণের ক্ষতি করার লক্ষ্যে কোনো মানুষ এমন বর্বর কাজ করতে পারে, এটা অবিশ্বাস্য। কিন্তু তারা এমন কাজই করছে।’
ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। এতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান স্বাগত বক্তব্য দেন এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ডের বিবরণ উপস্থাপন করেন সংস্থাটির মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ ইমাম ও শিশু-কিশোর সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।