আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের সহযোগী যোদ্ধাদের সংঘর্ষে কমপক্ষে ৮৭জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। শনিবার থেকে উপজাতি অধ্যুষিত খাইবার এজেন্সির তিরাহ্ উপত্যকায় এ সংঘর্ষ চলছে। রোববার সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর পেশওয়ারে সেনা নিয়ন্ত্রিত একটি স্কুলে হামলার পর তালেবানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী। উপজাতি অধ্যুষিত খাইবার এজেন্সি মূলত জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম সেলিম বাজওয়া জানান, শনিবার তিরাহ উপত্যকার সিপাহ এলাকায় স্থল ও বিমান হামলা চালানো হয়। এতে ‘সন্ত্রাসীদের’ মধ্যে ৮০ জন নিহত হয়েছে। এছাড়া পাক সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছে।
তিনি বলেন, এই এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহৃ করতে পুরোদমে অপারেশন চলছে।

