নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার বিষয়ে প্রয়োজন হলে বুয়েট শিক্ষক তারিক ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
অভিজিৎ রায়ের বাবা অজয় রায়ের সন্দেহের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে মনিরুল ইসলাম এ কথা জানান।
ঘটনার দিন বইমেলায় একটি আলোচনার ব্যবস্থা করেছিলেন ওই শিক্ষক। ওই আলোচনা সভায় ৪/৫ জন অনাহূত ছিলেন। তাদের বিষয়ে অজয় রায় সন্দেহ পোষণ করছেন।
এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘এর আগে থেকেই এই বিষয়টির দিকে নজর রাখছি। প্রয়োজন হলে বুয়েটে শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হবে।’
অভিজৎ রায় হত্যার দৃশ্যমান কোনো অগ্রগতি না হলেও এর তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ‘আমরা যে প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নিচ্ছি তাতে এফবিআই কর্মকর্তারাও সন্তোষ প্রকাশ করেছেন।’
এই মামলাটি ক্লু-লেস এবং জটিল মামলা জানিয়ে তিনি বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি এটি একটি ক্লু-লেস এবং জটিল মামলা। প্রত্যক্ষদর্শীরা হত্যাকারীদের দেখতে কেমন তাও বলতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘অভিজিৎ হত্যায় দুইজন অংশ নিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও এতে আরো কয়েজন জড়িত বলে আমরা ধারণা করছি।’
হত্যাকারীদের চিহ্নিত করা না গেলেও হত্যার কারণ সম্পর্কে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মূলত তার লেখালেখি ও মুক্ত চিন্তার কারণেই অভিজিৎকে হত্যা করা হয়েছে। তার মতের বিরোধী ছিলেন অনেকেই। তবে তাদের মধ্য থেকে কারা হত্যার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা সম্ভব হয়নি।’

