চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের দ্বিতীয় দিনে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত নারী ওয়ার্ডের দুই জন রয়েছেন।
শুক্রবার জেলা নির্বাচন কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সূত্র জানায়, মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
সংরক্ষিত ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বনিদ্বতার জন্য মনোনয়ন পত্র কিনেছেন আফরোজা খানম ও হালিমা বেগম নামে দুই নারী প্রার্থী।
এছাড়া কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডে জহিরুল আলম জসীম, ১৭ নং ওয়ার্ডে শহীদুল আলম, ২৩ নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিন ও আসিফ খান, ৪০ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর আব্দুল বারেক ও আব্দুল হালিম এবং ৪১ নং ওয়ার্ডে বাহার উদ্দিন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘মনোনয়ন পত্র সংগ্রহের দ্বিতীয় দিনে এক মেয়র প্রার্থী ও ১গ জন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।’
উল্লেখ্য, নিবার্চন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ভোট গ্রহণ ২৮ এপ্রিল।

