আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার জাদুঘরে বুধবার অজ্ঞাত বন্দুকধারী-দলের গুলিবর্ষণে ১৭জন ভিনদেশী ভ্রমণকারীসহ মোট ১৯জন নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনের পিছু ধাওয়া করছে পুলিশ।
ঘটনাস্থল: বুধবার রাজধানী তিউনিসে অবস্থিত বার্দো জাদুঘরে এ সহিংস ঘটনার অবতারণা হয়। আরব দেশগুলোর মধ্যে তিউনিসিয়াই ছিল তুলনামূলক সফল গণতান্ত্রিক দেশ, যারা আরব বসন্তের পরও রাজনৈতিক স্থিতিশীলতায় অন্যান্য আরব দেশের তুলনায় ভালো অবস্থান ধরে রেখেছিল।
রহস্যময় তিন: জানা যায় গুলিবর্ষণের পর জাদুঘরের নিরাপত্তকর্মীরা বন্দুকধারীদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করলে, আক্রমণকারীদের দুই জন সেখানে নিহত হন। অবশিষ্ট তিনজন পালিয়ে যেতে সমর্থ হন। পলাতক তিন জনকে সরাসরি গুলি বর্ষণ করতে দেখা যায়নি। তথাপি তাদের ভূমিকা সন্দেহজনক।
প্রধানমন্ত্রী যা বললেন: দেশটির প্রধানমন্ত্রী হাবিব ইসিদ এ হামলাকে একটি কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছেন। তার ভাষ্য তিউনিসিয়ার অর্থনীতিকে আক্রান্ত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এবং তার সরকার দেশের মানুষকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র মোকাবেলা করবে।

