নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বাঙালি প্রতিটি শিশু-কিশোরকে অবহিত করার আহ্বান জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘একাত্তর পরবর্তী প্রজন্ম এদেশের খাঁটি নাগরিক। তাদের অধিকার আছে বাংলাদেশের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুকে জানার।’
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে ঢাকার অডিটোরিয়ামে চট্টগ্রাম সমিতি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রূপকল্প বাস্তবায়নে উন্নত ও প্রযুক্তি জ্ঞাননির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও টইটুম্বুরের উপদেষ্টা শিল্পী সবিহ্ উল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, ওয়েলফুডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নূরুল ইসলাম, চট্টগ্রাম সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন খান, সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, রেজাউল হক চৌধুরী মুশতাক প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে ক্রেস্ট ও মেডেল বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মন্ত্রী কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন করেন।

