ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতের এ ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শহর কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। রাতের ওই অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, আল-কুত শহরের করনিশ হাইপারমার্কেট ভবনের বাইরের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। রয়টার্সের যাচাই করা ভিডিওতে আরও দেখা যায়, দমকলকর্মীরা রাতভর আগুন নেভাতে পানি ছুড়ছেন এবং ছাদে আটকে পড়া লোকজনকে নিচে নামিয়ে আনতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আল-কুত শহরের সরকারি কর্মকর্তা আলী আল-মায়াহি জানান, মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। এখনো উদ্ধার কাজ চলছে। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। প্রদেশের গভর্নর জানিয়েছেন, হাইপারমার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ভবন মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ইরাকে ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়ই বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর আগে, ২০২৩ সালে দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহরের বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

