নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকারীদের সনাক্ত করতে আরো একজন এক্সপার্ট রওনা হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন, ‘এফবিআই অভিজিৎ হত্যার তদন্তে গোয়েন্দা পুলিশকে সহায়তা করছে। এফবিআই গোয়েন্দা পুলিশকে প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আমরাও হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা করছি। এফবিআইয়ের ওই এক্সপার্ট এলে কাজটা আরো সহজ হয়ে যাবে।’
অভিজিৎ রায় হত্যার ঘটনাটিকে গোয়েন্দা পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে এফবিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য অভিজিৎ হত্যার আলামত পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এর ফলাফল পাওয়া যাবে। এতে করে হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
এফবিআই তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, ‘তারা পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের মতো করে বিশ্লেষণ করছে। যেহেতু অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক তাই ওই দেশেও একটি মামলা করে তদন্ত করবে।’
উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় সঙ্গে থাকা তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। হত্যার ১৮ দিন পার হলেও হত্যাকারী সনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘এটি একটি ক্লুলেস মামলা। হত্যাকারী সনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।’

