নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জুনের মধ্যে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হিসাব খোলার অভিন্ন ফরম প্রচলনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতবছর ১১-১২ মার্চ অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।
রোববার একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সব আর্থিক প্রতিষ্ঠান অভিন্ন হিসাব খোলার ফরম ও কেওয়াইসি ফরম শিগগিরই প্রচলন করবে। তবে তা কোনোভাবেই ৩০ জুনের পর হওয়া যাবে না। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৫(ক) ধারা মোতাবেক গ্রাহকের সঠিক এং পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানকে যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।
তবে শরীয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ টার্মের পরিবর্তে প্রচলিত ও সামঞ্জস্যপূর্ণ ইসলামী টার্ম ব্যবহার করতে পারবে। অন্যদিকে বিশেষ স্কিমের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হলে নির্ধারিত স্থানের নীচে বা পৃথক ফরম প্রণয়ন করে আর্থিক প্রতিষ্ঠান তা ব্যবহার করবে। তবে অভিন্ন ফরমে বর্ণিত তথ্যাদি সংগ্রহ করতে হবে।

