চলতি অর্থবছরে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফরের ওপর কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিচালন ও উন্নয়ন বাজেট থেকে যানবাহন কেনাসহ বেশ কয়েকটি খাতে ব্যয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত নতুন আদেশ জারি করা হয়। এতে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে।
তবে যেসব সরকারি যানবাহন ১০ বছরের বেশি পুরোনো ও টিওএন্ডইভুক্ত, সেগুলো প্রতিস্থাপনের প্রয়োজন হলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন কোনো সরকারি আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণে অর্থ ব্যয় করা যাবে না। চলমান প্রকল্পগুলোর কাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।
ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দ খাতে সব ধরনের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে।
উন্নয়ন বাজেট থেকেও যানবাহন কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় করতে হলে অর্থ বিভাগের পূর্বানুমতি নিতে হবে। বিশেষ প্রয়োজনে পরিকল্পনা কমিশনের জন্য থোক বরাদ্দ খরচেও অনুমতি প্রয়োজন হবে।
সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে।
তবে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয় বা বিদেশি সরকারের বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ যাওয়া যাবে। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে বিদেশ সফরের অনুমতি থাকছে।
সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় গত বছরের ৯ ডিসেম্বর যে পরিপত্র জারি করেছিল, সেটি অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলমান আর্থিক বাস্তবতায় সরকারের ব্যয় সাশ্রয়ের নীতি অনুসরণ করেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে রাজস্ব ও বৈদেশিক মুদ্রার অপচয় রোধ এবং অগ্রাধিকারমূলক খাতে অর্থ বরাদ্দের সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

