আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলীয় পুলিশ দেশটির বিমানবন্দরে প্রতিদিন শত শত বিদেশগামী নাগরিক/অভিবাসীকে চিহ্নিত করছে যাদের গতিবিধি সন্দেহজনক, যাদের ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়া থেকে উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক আইএস-এর সঙ্গে যুক্ত হওয়ার জন্যে দেশত্যাগ করেছে। তাদের ঠেকাতে পুলিশ প্রশাসনের উদ্যোগের আওতায় বেরিয়ে এসেছে নতুন তথ্য।
জানা গেছে, গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিমানবন্দরে সন্দেহজনক বহির্গামীদের থামানো হয়েছে প্রায় ৭৬,০০০ বার। যা নির্দেশ করছে দিনপ্রতি অন্তত ৪০০ বহির্গামীকে থামানো হয়েছে, যাদের গতিবিধি ও কাগজপত্র সন্দেহজনক ছিল।
ধারণা করা হয়, অন্তত ৯০ জন অস্ট্রেলীয় নাগরিক মধ্যপ্রাচ্যে আইএস-এর হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যুদ্ধে গমনাকাঙ্ক্ষীদের প্রতিরোধ করার জন্যে কাউন্টার-টেরোরিজম ইউনিট (সিটিইউ) নামে বিশেষ দক্ষতাযুক্ত একটি দল গঠন করা হয়েছে। এরা বন্দরগুলোতে বিশেষভাবে তৎপর রয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী পিটার ডাটনের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, সিটিইউ গত বছরের অগাস্ট থেকে যথেষ্ট দক্ষতার সঙ্গে গমনেচ্ছু নাগরিকদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
ফেয়ারফ্যাক্স মিডিয়া জানায় সিটিউ দলটি তাদের কর্মকাণ্ড শুরুর প্রথম তিন সপ্তাহেই ১১ জন সন্ত্রাসপন্থীকে অস্ত্রসহ আটক করতে সমর্থ হয়েছিল।
অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র মানুষ এবং অস্ত্রই নয়, বিপুল অর্থ পাচারের আলামতও পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। সিটিইউ সে সমস্ত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

