আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার আকাশে প্রশিক্ষণ মহড়া চলাকালে দুটি ইন্দোনিশিয়ার বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিমান দুটি ভূপাতিত হলেও এতে কেউ হতাহত হয়নি। দুই বিমানের চার পাইলটই সংঘর্ষের সময় বিমান থেকে বেরিয়ে অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে পেরেছেন। রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনী চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মালেয়শিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, রবিবার উত্তর লাংকাওয়িতে আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে ইন্দোনেশিয়ার দুটি বিমান মহড়ায় অংশ নেয়। এসময় বিমান দুটিতে সংঘর্ষ হয়। আকাশেই বিমান দুটিতে আগুন ধরে যায়। সংঘর্ষের পর একটি বিমান লাংকাওয়ি আন্তর্জাতিক বিমান বন্দরে এবং অপরটি পাশ্ববর্তী একটি গ্রামে গিয়ে পড়ে। সংঘর্ষের আগ মুহুর্তে বিমান দুটির চার পাইলট অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে পেরেছেন। তবে তাদেরকে চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেন হাসপাতালে চার পাইলটের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটার-বার্তায় বলেছেন, ‘চার পাইলটই সুস্থ আছেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহে ঘাটতি দেখা দেয়নি।’

