লক্ষ্মীপুর প্রতিনিধি: হরতাল ও অবরোধে গাড়িতে নাশকতা ও অগ্নিসংযোগের কবল থেকে রক্ষা পেতে লক্ষ্মীপুরে জেলার বিভিন্ন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরে পৌর বাস টারমিনালে ৫০টি গাড়িতে এ যন্ত্রগুলো স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একে টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাছিম মিয়া, উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাহ উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা বাস মালিক, শ্রমিক, বিআরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ৫০ জন বাস চালক ও মালিকদের মাঝে ৫০টি অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ‘বিদেশে অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারেনা। কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ও অগ্নিসংযোগ থেকে রক্ষা পেতে গাড়িগুলোতে কোনো ধরনের যন্ত্র স্থাপন করা হয় না। বর্তমানে হরতাল ও অবরোধে নামে কিছু নাশকতারী গাড়িতে পেট্টোলবোমা ও অগ্নিসংযোগ করে। এতে করে গাড়িগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তাই এ ধরনের নাশকতা থেকে গাড়িকে রক্ষা করতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে। পর্যাক্রমে সব বাস, ট্রাক, সিএনজিসহ অন্যান্য গাড়িতে এ যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হবে।’

