মন্ত্রণালয়ে কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়, কর্মকর্তাদের পেশাদারত্ব দেখা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ড. খালিদ বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখব পেশাদারত্ব। সব কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনভাবেই বিধি-বিধানের বাইরে যাওয়া যাবে না। জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদের জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যরা বক্তৃতা করেন। পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার আত্মার শান্তি ও রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এতে জুলাই বিপ্লবে শহীদ ও আতহদের পরিবারের সদস্য, ওলামা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

