নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওষুধ পাচার করার সময় আমিনুল ইসলাম (৩২) ও মনির (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার প্লাটুন কমান্ডার আব্দুল হক তাদের আটক করেন।
আব্দুল হক জানান, আমাদের কাছে সংবাদ ছিল হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তায় মসজিদের সামনের একটি ফলের দোকানে হাসপাতালের ওষুধ রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানির নামে এক ফল দোকানদারকে আটক করা হয় এবং তার দোকান থেকে একটি প্যাকেটে হাসপাতালের লিকুইড স্যালাইন, ১২ পিস মেরুপেনাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন, সিপ্রোসিন অ্যান্টিবায়টিক, হুইল পাউডার ও হুইল সাবান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান, হাসপাতালের এক কর্মচারী এ প্যাকেট তাকে দিয়ে গেছেন। কিছুক্ষণ পরে নিতে আসবেন। পরে আমিনুল ইসলাম নামে হাসপাতালের জরুরি বিভাগ ওটি (অপারেশন থিয়েটার) কমপ্লেক্সে কর্মরত ৪র্থ শ্রেণির এক কর্মচারী প্যাকেটটি নিতে এলে তাকেও আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের হাসপাতাল ক্যাম্প পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান আব্দুল হক।

