ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ২২

Link Copied!

সিরিয়ার রাজধানী দামেস্কের দ্বেইলা এলাকার মার এলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। রবিবার (২২ জুন) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর রাজধানী দামেস্কে এটি প্রথম আত্মঘাতী হামলার ঘটনা। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী ছিলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায়েশের সদস্য। তিনি গির্জায় ঢুকে প্রথমে গুলিবর্ষণ করেন, এরপর নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলায় দুইজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন নিজেকে উড়িয়ে দেন।
প্রথমে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে ৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে।
হামলার পর ঘটনাস্থল থেকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করে সিরিয়ার স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস। সেখানে গির্জার অভ্যন্তরে রক্তে রঞ্জিত মেঝে, ভাঙা বেঞ্চ ও ধ্বংসস্তূপের চিত্র দেখা যায়।
বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ, যিনি আসাদ সরকারের পতনের পর জানুয়ারিতে দায়িত্ব নেন, ইতিপূর্বে একাধিকবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা দেশের সাম্প্রদায়িক সহাবস্থান ধ্বংসের অপচেষ্টা। বিবৃতিতে বলা হয়, ‘এই জঘন্য হামলা সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে। এটি দেশের স্থিতিশীলতা নষ্ট ও সহাবস্থান বিনষ্টের এক মরিয়া প্রচেষ্টা।’
হামলার নিন্দা জানিয়েছে তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেছে, এতে সিরিয়ার স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের সিরিয়া সংক্রান্ত বিশেষ দূত গেইর ও. পেডারসেন এক বিবৃতিতে বলেন, ‘এটি এক বর্বরোচিত অপরাধ। আমি গভীরভাবে ক্ষুব্ধ।’
তিনি জানান, সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসন এই হামলার জন্য দায়েশকে দায়ী করেছে—এটি তিনি নজরে রেখেছেন। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পেডারসেন বলেন, ‘সন্ত্রাস, উগ্রপন্থা, উস্কানি ও কোনো সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।