ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবনে হয়রানি বন্ধ ও ট্যারিফ নিয়ে ওয়াসা-রিহ্যাব বৈঠক

Link Copied!

রাজধানীতে নির্মাণাধীন ভবনে ওয়াসার পানির বিলের হয়রানি বন্ধ করা ও নির্মাণ ট্যারিফ নির্ধারণের বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাহান মিয়ার সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসার প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ এবং পরিচালক মো. আইয়ূব আলী। বর্তমানে ওয়াসা দুটি ট্যারিফ—আবাসিক ও বাণিজ্যিক— প্রযোজ্য করে। কিন্তু নির্মাণাধীন প্রকল্পে পানি ব্যবহারের ধরন সম্পূর্ণ ভিন্ন হওয়ায় নির্মাণের জন্য একটি মধ্যবর্তী বা বিশেষ ট্যারিফ নির্ধারণের দাবি জানায় রিহ্যাব। নির্মাণকালে অনেক খালি প্লটে স্যুয়ারেজ সংযোগ থাকে না বা পুরাতন লাইন বিচ্ছিন্ন থাকে। এ অবস্থায়ও স্যুয়ারেজ বিল আদায় অযৌক্তিক উল্লেখ করে শুধু পানির ব্যবহারের ভিত্তিতে বিল দেওয়ার পদ্ধতি চালুর দাবি জানানো হয়। নির্মাণ শেষে প্রকল্প আবাসিক ব্যবহারে গেলে ওয়াসা স্বয়ংক্রিয়ভাবে আবাসিক হিসেবে বিল ইস্যু না করে গ্রাহককে ছাদমাপ অনুযায়ী বিল ধরিয়ে হয়রানি করে থাকে—এ অভিযোগ তুলে এই প্রক্রিয়া বাতিলের অনুরোধ জানায় রিহ্যাব। বর্তমানে ওয়াসার সরবরাহ করা মিটারগুলো ছয় মাস না যেতেই বিকল হয়ে যায়। এতে রিডিংম্যানরা বিল বেশি ধরিয়ে দেন বা অনৈতিক সুবিধার বিনিময়ে ইচ্ছামতো রিডিং দেন। এ দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। যেসব এলাকায় ওয়াসার কোনো সংযোগ নেই, সেখানে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে নির্মাণকাজ চালালেও ওয়াসা মোটা অঙ্কের বিল ইস্যু করে। এসব বিল অনৈতিক ও অযৌক্তিক উল্লেখ করে বিল ইস্যু না করার নির্দেশনা চায় রিহ্যাব। বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়া রিহ্যাবের সব দাবি বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, ‘রিহ্যাবের উত্থাপিত দাবিগুলো ওয়াসার পরবর্তী বোর্ড মিটিংয়ের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আরও কোনো দাবি থাকলে সেগুলো রিহ্যাব প্রতিনিধি ও ওয়াসার একজন দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ বৈঠক নির্মাণ খাতে বিদ্যমান দুর্নীতিমুক্ত, কার্যকর এবং যৌক্তিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।