শেখ মুজিবুর রহমান গণমাধ্যমের প্রতি যে নিপীড়ন চালিয়েছেন সেটা দুনিয়ার ইতিহাসে আর কোথাও হয়নি- এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, সদ্য স্বাধীন দেশের সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি।
সোমবার (১৬ জুন) দুপুরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন।
৫০ বছর পরও কেন আজও সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনা- এ প্রশ্ন তুলে বিএফইউজের মহাসচিব বলেন, ‘কারণ, সংবাদপত্রের ইতিহাসে এমন দিন আর কখনও আসেনি। সেদিন রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে সংবাদপত্রের গলা চেপে ধরা হয়। সদ্য স্বাধীন হওয়া একটি দেশের সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি করা। মূলত তখন সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে দুটি সরকারি ও দুটি বেসরকারি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে এনে প্রকাশিত হয়। এ তথ্য জানিয়ে কাদের গণি চৌধুরী তখনকার বিশিষ্ট সাংবাদিকদের কীভাবে হয়রানি ও নির্যাতন করে শেখ মুজিবের সরকার, তা তুলে ধরেন। কাদের গণি চৌধুরী বলেন, স্বাধীনতার পর যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গুম, খুন, ব্যাংক লুটের ঘটনা ঘটাচ্ছিল, তখন তা পত্রিকায় আসার কারণে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের নির্যাতন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, বিএফইউজের সহসভাপতি ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বিএফইউজের সহকারী মহাসচিব বাসির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার হাসনাত করিম পিন্টু, আব্দুল আওয়াল ঠাকুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।

