ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আগামী ২০২৫-২৬ অর্থবছরে এই অর্থ ব্যয় করবে। বাজেট উপস্থাপনায় দেখা যায়, আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য মোট ২ হাজার ৯৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিচালনা ব্যয় ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন বাজেটে ২২৯ কোটি ৫ লাখ টাকা ব্যয় করবে ইসি। জানা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য ১ হাজার ১৪১ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ ছিল। সোমবার বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এটি। এর আগে, টেলিভিশন ও বেতারের মাধ্যমে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

